পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকা যাওয়ার বিকল্প সড়ক পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এই ডাকাতির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথম একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। এতে ওই সময় সড়কটি ব্যস্ত হওয়ায় মুহুর্তেই বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রােবাস-সহ ৪০টি গাড়ি আটকে যায়। এ সময় ৪০ থেকে ৫০ ডাকাত হাসুয়া, রামদা, ছুরি ও টাঙিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গাড়িগুলোতে ডাকাতি শুরু করে। কিছু গাড়ির গেট খুলতে দেরি করায় ভাঙচুর করাসহ পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। ঘণ্টাখানেক চলে এই ডাকাতি।

আব্দুস সালাম নামে একজন ফেসবুকে একটি ভিডিও বক্তব্য প্রচার করেন। তাতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বার বার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকেই ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি- ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। সব নিয়ে যাবার সময় অনেক অনুরোধে আমার মোবাইল দুইটা দিয়ে যায়।’

তিনি বলেন, ‘একটা হায়েসে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজন মারধর করেছে, সব লুটে নিয়ে গেছে।’

স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশ কিছু গাড়ি ওই রাস্তা দিয়ে ঢুকে। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।’

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে বলতে না পারলেও বেশ কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।