হলুদ বরফে মিলবে ত্বকের সতেজতা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

এই ভ্যাপসা গরমে ত্বকের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও ত্বকে জমে থাকা তেল থেকে অনেকেরই ব্রণ, ছোট ছোট দানা কিংবা ত্বক নিস্তেজ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই সময়ে ত্বককে সতেজ রাখতে অনেকেই বরফ ব্যবহার করেন। তবে সাধারণ বরফের বদলে ঘরেই তৈরি করে নিতে পারেন হলুদের আইস কিউব।

ত্বকের যত্নে হলুদের ব্যবহার নতুন নয়। হলুদে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান ত্বকের জন্য উপকারী হতে পারে। তবে সরাসরি হলুদ ত্বকে মাখলে সবার ক্ষেত্রে তা সহনীয় নাও হতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকে হলুদ ব্যবহারের পর জ্বালাপোড়া, চুলকানি বা র‍্যাশ দেখা দিতে পারে। অনেকের আবার ত্বকে হলুদের হলদেটে দাগও থেকে যায়।

তাই সরাসরি হলুদ মাখার পরিবর্তে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে বরফের কিউব তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে ঠান্ডা স্পর্শের কারণে গরমে ত্বকে সাময়িক সতেজ অনুভূতি আসতে পারে।

ত্বকে হলুদের বরফ কেন ব্যবহার করবেন

মুখে ঠান্ডা বরফের কিউব ব্যবহার করলে ত্বক টানটান ও সতেজ থাকে। বিশেষ করে গরমের দিনে বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করার পর ঠান্ডা কিউব ব্যবহার করলে বেশ আরাম পাওয়া যায়। হলুদের আইস কিউব ব্যবহার করলে ত্বকের জ্বালা কমে এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে।

অন্যদিকে হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে ভূমিকা রাখতে পারে। ব্রণপ্রবণ বা প্রদাহযুক্ত ত্বকে হলুদের কিছু উপাদান উপকারী। তবে হলুদের আইস কিউব ব্রণ, দাগছোপ বা বলিরেখা কমাতে সাহায্য করে।

যেভাবে বানাবেন হলুদের বরফ

খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এই আইস কিউব। প্রথমে ১ কাপ পরিষ্কার পানি নিন। এতে এক-চতুর্থাংশ চা চামচ কাঁচা হলুদ বাটা মেশান। চাইলে এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল যোগ করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
এবার মিশ্রণটি পরিষ্কার আইস কিউব ট্রেতে ঢেলে ফ্রিজারে রেখে দিন। কয়েক ঘণ্টা পর জমে গেলে তৈরি হয়ে যাবে হলুদের আইস কিউব।

যেভাবে ব্যবহার করবেন

ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। ত্বকে যেন মেকআপ, অতিরিক্ত তেল বা ময়লা না থাকে। এরপর একটি হলুদের আইস কিউব পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে জড়িয়ে মুখে আলতোভাবে ঘোরাতে পারেন। সরাসরি বরফ দীর্ঘক্ষণ ত্বকে চেপে ধরে রাখবেন না।

দুই থেকে তিন মিনিটের বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বিশেষ করে চোখের চারপাশের মতো নাজুক জায়গায় বরফ ঘষা এড়িয়ে চলাই ভালো। ব্যবহার শেষে মুখ শুকিয়ে নিয়ে একটি উপযুক্ত ময়েশ্চারাইজার লাগাতে পারেন।

আরও পড়ুন

লাল বরফের টুকরাতেই নিস্তেজ ত্বকে ফিরবে সতেজতা

সংবেদনশীল ত্বক হলে সাবধান থাকুন

হলুদ বা অ্যালোভেরায় কারো অ্যালার্জি থাকলে এই মিশ্রণ ব্যবহার করা উচিত নয়। প্রথমবার ব্যবহারের আগে হাতের ছোট একটি অংশে অল্প করে পরীক্ষা করে নিতে হবে। জ্বালা, চুলকানি, লালচে ভাব বা র‍্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।

আরও পড়ুন

ডিমের হেয়ার মাস্কে যেসব উপাদান মেশালে দূর হবে আঁশটে গন্ধ

ব্রণ বা দাগের সমস্যা দীর্ঘদিন থাকলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ। ত্বকের ধরন বুঝে সঠিক স্কিনকেয়ার রুটিনই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বি বিউটিফুল

এসএকেওয়াই