যে ভুলগুলো প্রতিদিনের চায়ের কাপে অজান্তেই ডেকে আনে বিপদ প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ধোঁয়া ওঠা এক কাপ চা ছাড়া যেন দিন শুরুই হয় না অনেকের। ক্লান্তি কাটাতে কিংবা আড্ডার আমেজ ধরে রাখতে দিনে কয়েক কাপ চায়ে চুমুক দেওয়া খুবই সাধারণ একটি অভ্যাস। অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপাদানে ভরপুর এই পানীয়টি শরীরের জন্য উপকারীও বটে। তবে চা পানের সঠিক নিয়ম বা সময় সম্পর্কে অনেকেই জানেন না। সামান্য কিছু অসচেতনতার কারণে প্রিয় পানীয়টিই শরীরের উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চা পানের অভ্যাসকে পুরোপুরি স্বাস্থ্যকর রাখতে কিছু ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা জরুরি। অনেকেই খাবার শেষ করার ঠিক পরপরই চা পান করার অভ্যাস করেন। চিকিৎসকদের মতে, খাবারের পরপরই চা খেলে তা শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন শোষণে বাধা দেয়। বিশেষ করে যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্য অভ্যাসটি ক্ষতিকর হতে পারে। তাই খাবার খাওয়ার সঙ্গে চা পানের মাঝে কিছুটা বিরতি রাখা উচিত। চায়ের স্বাদ বাড়াতে অতিরিক্ত চিনি মেশানোর অভ্যাসও শরীরের জন্য সুখকর নয়। চা নিজে ক্যালোরিবিহীন হলেও তাতে কয়েক চামচ চিনি যোগ হলে তা শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করায়, যা দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি বা অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে। এ ছাড়া চা খুব বেশি গরম অবস্থায় পান করাও অনুচিত। মাত্রাতিরিক্ত গরম পানীয় মুখের ভেতর ও খাদ্যনালীর ক্ষতি করতে পারে। তাই চা একটু কুসুম গরম বা সহনীয় তাপমাত্রায় নামিয়ে পান করাই শ্রেয়। কখনো কখনো ওজন কমানোর বা ক্ষুধা কমানোর ভুল উদ্দেশ্যে অনেকেই এক বেলা খাবার বাদ দিয়ে কেবল চা পান করে থাকেন। ক্যাফিনের প্রভাবে সাময়িকভাবে ক্ষুধাভাব দূর হলেও এটি কোনোভাবেই পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে না। নিয়মিত নাস্তা বা দুপুরের খাবার বাদ দিয়ে চা পানের ফলে শরীর পর্যাপ্ত আমিষ, ফাইবার ও প্রয়োজনীয় ভিটামিন থেকে বঞ্চিত হয়। চা অবশ্যই দৈনন্দিন রুটিনের অংশ হতে পারে, তবে তা যেন কোনোভাবেই সুষম খাবারের জায়গা না নেয়। পরিমিত জীবনযাপন ও সঠিক নিয়মে চা পানের মাধ্যমেই কেবল এর প্রকৃত সুফল পাওয়া সম্ভব। Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: যে ভুলগুলো প্রতিদিনের চায়ের কাপে অজান্তেই ডেকে আনে বিপদ